সংগ্রাম অনলাইন ডেস্ক: কিশোগঞ্জের ভৈরবে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোচালক সানাউল্লাহ, মনোয়ার হোসেন(৩৫), মাসুদ মিয়া(৪২) ও সজিব মিয়া(৪৭)। নিহতদের প্রত্যেকের বাড়ি জেলার বাজিতপুর উপজেলার পৈলানপুর ও কৈলাগ গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিকাপ্রসাদের গাজীরটেক এলাকায় কিশোরগঞ্জগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয় এবং আহত হয় আরো পাঁচ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কায়সার জানান, নিহতদের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। Source: সংগ্রাম